বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান: কাদের
- আপডেট সময় : ০৪:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।
তিনি বলেন, অথচ বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা উসকানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির এ অপতৎপরতার কারণে যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয় তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা বারবার তাদের বক্তৃতা ও বক্তব্যে সহিংস বাড়াবাড়ি দেখাচ্ছেন; যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশ ও জনগণ নিয়ে যে কোনো ছেলেখেলা খেলতে পারে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে তারা আজ বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক শাসনব্যবস্থা ব্যাহত এবং অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ সৃষ্টি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।
ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বাধীনতা, মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মত্যাগ করেছেন। এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অগ্রযাত্রাকে ধরে রাখতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা।























