বিএনপির ডাকা হরতাল-অবরোধে রেলে হামলা বেড়েছে:রেলমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল-অবরোধে রেলে হামলা বেড়েছে বলে জানান রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচি চলাকালে চারটি ট্রেনে হামলা হয়েছে। এতে ট্রেনের পাঁচ যাত্রী নিহত হন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রেলভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেয় এবং এতে দুটি কোচ সম্পূর্ণ পুড়ে যায়। এটি সরাসরি রেলের ওপর আক্রমণের প্রথম ঘটনা। এরপর ১৯ নভেম্বর সরিষাবাড়ীতে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। এতে দুটি কোচ সম্পূর্ণ পুড়ে যায়। এ দুটি ঘটনায় যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে রেলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নুরুল ইসলাম সুজন বলেন, এরপর ২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। ১৩ ডিসেম্বর, রাজেন্দ্রপুরে একটি রেললাইন উপড়ে পড়ে, দুর্ঘটনায় একজন নিহত হয়। এ ঘটনায় ৫০ জন আহত এবং ছয়টি বগি রেললাইন থেকে নিচে পড়ে যায়। আজ সকালেও তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনটি কোচ পুড়ে গেছে। এতে চারজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে রেল চলাচলে হুমকি তৈরি হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রেলকে সম্পৃক্ত করে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেলে জনজীবন যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো ফৌজদারি অপরাধ। আমরা নিরাপদ রেলযাত্রার সর্বাত্মক চেষ্টা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। রেলের নিরাপত্তার জন্য ২৭০০ আনসার সদস্য চেয়েছি। দু-একদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে।






















