‘বন্ধু ও অংশীদার, প্রভু নয়’—নতুন পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৮ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বের সব দেশের সঙ্গে ইতিবাচক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করছে। তিনি উল্লেখ করেন, দেশের সীমানার বাইরে বাংলাদেশ বন্ধু ও অংশীদার খুঁজে পায়, কোনো প্রভু নয়। শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপি সরকারের ঘোষিত “বাংলাদেশ প্রথম” পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার “বাংলাদেশ প্রথম” নীতি অনুসরণ করছে। তবে এর অর্থ আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেওয়া নয়। বরং এই নীতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার প্রকাশ পায়। তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রথম” এমন একটি পররাষ্ট্রনৈতিক অবস্থানকে নির্দেশ করে, যেখানে বাংলাদেশ কোনো রাষ্ট্রের অধীন বা প্রভাবাধীন হয়ে নয়, বরং সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করবে।






















