পল্টন থানার আরেকটি মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর পল্টন মডেল থানার আরেকটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে ১০টিতে জামিন পান মির্জা।
গত ১০ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় ১০ হাজার টাকা মুচচেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের পরবর্তী শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন তিনি।
গত ৩১ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের রমনা ৩ ও পল্টন ৬ নম্বর মামলায় গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় আটটি ও রমনা মডেল থানায় তিনটি মামলা রয়েছে। গত ২৯শে অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।























