পরিবেশ দূষণরোধে প্রত্যেককে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে:রিজওয়ানা হাসান
- আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
পরিবেশ দূষণরোধে আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পরিবেশ দূষণরোধে আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। প্রশাসন খুব সহজেই সমস্যার সমাধান করবে না। তাই আমাদের সব শক্তি একসাথে নিয়ে দাঁড়াতে হবে, একদল শক্তিশালী মানুষদের বিপক্ষে লড়তে হবে। ছোট ছোট বিষয় নিয়ে কাজ শুরু করলে সহজেই সাফল্য আসবে, বড় কাজগুলোও পরে সহজ হবে। প্রয়োজনে ওয়ার্কিং গ্রুপ, উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, নিজেরা সুসংগঠিত হতে হবে।
আজ সকালে গাজীপুর মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে ‘পরিবেশ দূষণ থেকে উত্তরণে’ নাগরিক সংলাপে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভূমি সংস্কার ও উন্নয়ন সমিতি, বাংলাদেশ পানি অধিকার ফোরাম, সুইডেল সবারেজের যৌথ আয়োজনে এ নাগরিক সংলাপ করা হয়।
সংলাপে গাজীপুরের খাল-বিল, নদী, সড়ক, পানি, বায়ু, শব্দ ও বন দূষণে বিপর্যয়ের কথা তুলে ধরেন ভুক্তভোগী জনগোষ্ঠী। এছাড়াও দখল, দূষণের উৎস চিহ্নিত করে সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, দেশে ১৬ কোটির মানুষের প্রতিদিন ৮ কেজি বর্জ্য উৎপাদন হয়। এগুলো নিষ্কাশন খুব সহজ কাজ নয়। জনগণকে যুক্ত করে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করার আগে তাদের কাছ থেকে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিতে হবে। পরে তাদের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়ন করার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে গাজীপুর জেলার দখল দূষণ নিয়ে বিশদ প্রবন্ধ উপস্থাপন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মো. এজাজ, জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন প্রমুখ।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, দখল-দূষণের লাগাম কোনভাবেই টানা যাচ্ছে না। পাবলিক ট্রাস্ট প্রপার্টিকেও দখলকারীরা নিজেদের সম্পত্তি মনে করে, নদী পাড়ের মানুষও তেমন শক্তি প্রয়োগ করতে পারে না। অন্যদিকে বনকে রক্ষা করতে গেলে সুন্দরবনের মতো ভাওয়ালগড়ে বাঘ ছেড়ে দিতে হবে। অন্যথায় আমাদের সকলকে বাঘ হয়ে যেতে হবে, তবেই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারবো।
গাজীপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, গাজীপুরে নদী পুকুর ভরাট, দূষণ, দখলের মহোৎসব চলছে। খোদ গাজীপুর জেলা প্রশাসনের পুকুরই দূষনের শিকার, জেলা প্রশাসক তাঁর নিজের পুকুরটা দূষণমুক্ত রাখতে পারেননি। নিজের ঘরটাই তিনি ঠিক রাখতে পারেননি।
অনুষ্ঠানে স্থানীয় গানছবি ফোক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল কবি মোস্তফা খান ও শিল্পীরা নদীর দখল-দূষণ ও নদীর কান্না নিয়ে সংগীত পরিবেশন করেন। এসব শিল্পীরা নদী নিয়ে দীর্ঘদিন ধরে গান রচনা ও গেয়ে আসছেন।















