নির্বাচন তেমন প্রতিযোগিতামূলক না হওয়ার দায় বিএনপির:কাদের
- আপডেট সময় : ০২:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত, কিন্তু বিএনপির কারণে হয়নি এবং এর জন্য বিএনপি দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে অপবাদ দিয়ে কোনো লাভ নেই।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে একটা প্রতিক্রিয়া ছিল। ঢাকায় কিন্তু তাদের যে রাষ্ট্রদূত, নির্বাচনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। ইউরোপের অনেক দেশও বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।
তিনি বলেন, যে নির্বাচনে ৪১ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন, সেই নির্বাচনকে বিশ্বের মানদণ্ডের সঙ্গে তুলনা করে কোনো অবস্থাতেই ভোটারবিহীন নির্বাচন বলে অপবাদ দিতে পারবে না। তবে বিএনপির মতো দলগুলো যদি থাকতো, তাহলে আরও প্রতিযোগিতামূলক হতো। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। সে ত্রুটিটা আমাদের সৃষ্ট নয়। সেটা বিরোধী দল সৃষ্টি করেছে। এখানে সরকারি দলের উপর অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই?
তিনি আরও বলেন, তাদের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রগতির অপবাদ দিয়ে কোনো লাভ নেই। এ ধরনের কর্মসূচি গণতন্ত্রের অগ্রযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।
ওবায়দুল কাদের বলেন, কোথাও ত্রুটিমুক্ত গণতন্ত্র নেই। আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে না। বিএনপি যে অগ্নিসংযোগ করেছে তা গণতন্ত্রকে ক্ষুন্ন করেছে। নতুন সরকারকে যারা অভিনন্দন জানিয়েছেন তারা কেউই এটাকে ত্রুটিপূর্ণ নির্বাচন বলেননি।
তিনি বলেন, জনগণের ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ সংসদে যোগদান করবেন। দেশি বিদেশি বিভিন্নমুখী ষড়যন্ত্রকে প্রতিহত করে নির্বাচন হয়েছে। জনগণের প্রতি আজকের এই দিনে কৃতজ্ঞতা জানাই।























