নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না:কাদের
- আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
নতুন কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এখন আর সেই উদারতা দেখানোর সুযোগ নেই।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যও আগের তুলনায় অনেক কমে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কতদিন এই বোঝা বইবো?
তিনি আরও বলেন, এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। তাদের দেশে আরাকান আর্মিদের সমস্যা। তারা তাদের অভ্যন্তরীণ বিষয়ে কি করবে সেটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন। আমরা চীনের সঙ্গেও আলোচনা করছি।
সেতুমন্ত্রী আরও বলেন, সংঘাতের সময় মিয়ানমার থেকে যারা পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, তারা তাদের লোকদের ফিরিয়ে নেবেন।
















