ডেঙ্গুতে ১৪ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ২৪২৫
- আপডেট সময় : ০৮:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন। এদের মধ্যে ৭৫১ জন ঢাকার বাসিন্দা এবং ১,৬৭৪ জন ঢাকার বাইরে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে আটজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ২২২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২০ হাজার ১৮৪ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ২০৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ২৫৪ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৫৮০ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।


















