ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৬ জন।
সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ৬০৭ জন ঢাকার বাসিন্দা এবং ১ হাজার ৯৮৯ জন ঢাকার বাইরে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন ঢাকার এবং চারজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২রা অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৮৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪ হাজার ৪৫৮ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ৮০ হাজার ৬৮৩ জন ঢাকার বাসিন্দা এবং ১১৭ হাজার ৯০১ জন ঢাকার বাইরে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৬৩ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।




















