টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০৯:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৪১২ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ক্রসলাইন নীট ফেব্রিকস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে বেলা বারোটার দিকে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় অবস্থিত ক্রসলাইন নীট ফেব্রিকস লিমিটেড নামক পোষাক কারখানার কয়েকশ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া পরেছে। মালিকপক্ষ কয়েকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ না করায় গতকাল সকালে শ্রমিকরা স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসার সামনে বিক্ষোভ করে। সেখান থেকে কোন সমাধান না পেয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা বারোটা দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম খাজার সাথে একাধিকবার মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।















