চার অনুসারীকে ছাড়িয়ে নিয়ে মহাসড়ক ছাড়লেন লতিফ সিদ্দিকী
- আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পঠিত

মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল প্রতিনিধি:
দীর্ঘ আড়াই ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন টাঙ্গাইলের কালিহাতী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। কয়েকজন অনুসারীকে গ্রেফতারের প্রতিবাদে কালিহাতী থানা ঘেরাও ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন তিনি।
ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অনুরোধে আজ বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন লতিফ সিদ্দিকী।
এর আগে কয়েক অনুসারীকে গ্রেফতারের প্রতিবাদে দুপুর ১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন লতিফ সিদ্দিকী। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সদ্যবিজয়ী সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান ধর্মঘটস্থলে যান। তিনি লতিফ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ছয়জনের মধ্যে এজাহারে নাম না থাকা চারজনকে ছাড়িয়ে নিয়ে আসেন। ছাড়া পাওয়া অনুসারীরা হলেন হাসমত আলী, হৃদয়, পিন্টু ও খোকা। এজাহারভুক্ত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


















