আরো দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকার পতনের একদলীয় আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার দুদিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচন বর্জন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সাধারণ সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি। গত দুই মাস ধরে শুক্র ও শনিবার বাদে কর্মসূচি পালন করে আসছিল দলটি। তবে এবার শুক্র ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।



















