আমরা কারও ভিসা নীতি দেখে নির্বাচনে যাচ্ছি না: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বহির্বিশ্বের পরামর্শ অনুযায়ী নির্বাচন হবে না। তিনি বলেন, আমরা কারও ভিসা নীতি দেখে নির্বাচনে যাচ্ছি না। আমাদের চোখ সংবিধানের দিকে। জনগণের দিকে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে ঢাকার শমীবাগ ইসকন আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেব রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ কয়েকটি মহল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। তাদের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগের নির্বাচনে হেরে যাওয়া।
‘কাদম্বিনী মোরিয়া প্রমাণ করিল সে মোর নাই’ রবীন্দ্রনাথের উক্তি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে তিনি বলেন, গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে টিআইবি জানিয়েছে। পরে দেখা গেছে মাদ্রাসায় ৬৬ জন শিক্ষার্থী ক্লাস করছে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ভারতীয় হাইকমিশনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তার পরিবর্তে ছিলেন ভারতীয় হাইকমিশনের ইন্দারি গান্ধী কালচারাল সেন্টার এর পরিচালক মৃন্ময় চক্রবর্তী।






















