অবৈধ সরকার মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়িয়েছে:রিজভী
- আপডেট সময় : ০২:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৪০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।
শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার বিদ্যুত, জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের স্বার্থ বিনষ্ট করেছে। কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধনি হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না।
তিনি বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এদিকে রিজভী আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়নও তাদের রিপোর্ট পেশ করেছে। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।























