সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিলো বিএনপি
- আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এক দফা দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালনকারী বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানান।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি এ আহ্বান জানিয়েছেন বলেও মন্তব্য করেন।
পরক্ষণে, এদিন বিকেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পক্ষে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এক দফার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হলো। বিএনপিসহ সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করবে।
রিজভী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবং দুর্নীতি, মহাদুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।
তিনি জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
রিজভী আরো বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সমস্ত কর, ফি, ইউটিলিটি বিল এবং অন্যান্য পেমেন্ট স্থগিত করুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা তা বিবেচনা করুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীরা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।























