লিপ ডে পালন করছে গুগল ডুডল
- আপডেট সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি বা কোনো আবিষ্কার নিয়ে সার্চ বক্সের উপরে নিজস্ব লোগোর পরিবর্তে সঙ্গতিপূর্ণ ডিজাইনের লোগো তৈরি করে গুগল, তাকেই ডুডল বলে। তারই ধারাবাহিকতায়, এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি আজ লিপ ইয়ারে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এ একটি সুন্দর ডুডল প্রকাশ করেছে।
গুগল আজ ২৯ ফেব্রুয়ারি নিয়ে একটি বিশেষ ডুডল তৈরি করেছে, যা চার বছরে একবার দেখা যায়। সংক্ষেপে, গুগল লিপ ডে উদযাপন করছে। আজ ২৯ ফেব্রুয়ারি, তাই ২০২৪ কে অধিবর্ষ বলা হয়, যা প্রতি চার বছরে একবার হয়। এই দিনটি উদযাপনের জন্য গুগল একটি ডুডল তৈরি করেছে।
গুগলের তৈরি লিপ ডে ডুডল ২৯ ফেব্রুয়ারি তারিখটিকে একটি ব্যাঙের সাথে তুলনা করেছে। ডুডলে ২৮ এক জায়গায় স্থির হয়ে বসে আছে, অন্যদিকে পুকুরের মতো তৈরি এই ডুডলে ব্যাঙের রূপে ২৯ লাফ দিয়ে আসছে আর চলে যাচ্ছে। ডুডলে ক্লিক করলে আজকের দিন অর্থাৎ লিপ ডে বা লিপ ইয়ার সম্পর্কিত সব তথ্য পাওয়া যাচ্ছে।
প্রতি ৪ বছরে বার্ষিক ক্যালেন্ডারে ৩৬৫ দিনের পরিবর্তে ১ দিন বেড়ে ৩৬৬ দিনে হয়, এই বছরটিকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন এবং প্রায় ৬ ঘন্টা। ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিন পেতে এই অতিরিক্ত ৬ ঘন্টার সাথে চার বছর যোগ করতে হয়। তাই প্রতি ৪ বছরে এই ১ দিন যোগ করা হয় এবং অধিবর্ষ পালন করা হয়। আজ আপনি চাইলে দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে পারেন।


















