রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৪ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে সরিষাবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে পৌর এলাকার বলারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় পৌর এলাকার বলারদিয়ার গ্রামের ৭৫ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কর্মসূচী চালু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ প্রমুখ।



















