যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন
- আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৭ বার পঠিত

মো: শাকিল হোসাইন ধামরাই প্রতিনিধিঃ ঢাকা:
ঢাকার ধামরাইয়ে আসন্ন ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আব্দুল কাদের।
ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা শুরু করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে ইউনিয়নের বিলকুশনাই এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় সাংবাদিক কাদের বলেন, “দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থেকে মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। ঘুষ, দালাল ও হয়রানিমুক্ত একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়াই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পরিষদকে দুর্নীতিমুক্ত করা, সরকারি ভাতা প্রকৃত হকদারদের ঘরে পৌঁছে দেওয়া, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “কাদের ভাই একজন সৎ ও শিক্ষিত মানুষ। তিনি সবসময় গরিব মানুষের পাশে থাকেন। এমন একজন মানুষকে চেয়ারম্যান হিসেবে পেলে যাদবপুরের উন্নয়ন হবে।”
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হেসেন বলেন, সাংবাদিক কাদের ভাই সবসময় যুবকদের নিয়ে ভাল কাজ করে। পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা যায়।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ আব্দুল কাদের দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে জড়িত। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই প্রার্থীকে নিয়ে ইউনিয়ন জুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।














