ভোট বর্জন-অসহযোগ আন্দোলন সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান রিজভীর
- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুনরায় পাতানো নির্বাচন করার মাধ্যমে ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আওয়ামী লীগ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরা, শাহজাহানপুর কাঁচাবাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টির প্রচারপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেছেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে যা করছে তা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।
তিনি আরো বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ‘ডামি নির্বাচন’ হিসেবে উপাধি পেয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কোনো বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে। ইতিমধ্যেই এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরা নিজেরাই সহিংসতা ঘটাচ্ছেন।
তিনি আরও বলেন, জনগণ ও দেশপ্রেমিক ভোটাররা- আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।
এসময় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।






















