বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে, সেদিকে নজর দিতে মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও দলীয় প্রার্থীদের সাবধান করেছেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে দলের ৩০০ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এদিকে মনোনয়নের বিষয়ে দলের সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, বিরোধীদল না আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে গণভবনে প্রবেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী আজ গণভবনে এসেছেন। দিনব্যাপী সভা শেষে বিকেলে সেখান থেকেই নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।
গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।
























