বিএনপির কর্মসূচি এখন অনেকটা ‘নেই কাজ তো খৈ ভাজ’-এর মতো:কাদের
- আপডেট সময় : ০২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির কর্মসূচিতে ‘মানুষ তো হাসেই, ঘোড়াও হাসে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এখন লিফলেট বিতরণ- এটা একটা অ্যাকশন প্রোগ্রাম। এটা অনেকটা- ‘নেই কাজ তো খৈ ভাজ’। ইস্যুভিত্তিক আন্দোলনের যদি এই চেহারা হয়, তাহলে বিরোধীদল হিসেবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে, সেটাই বুঝা যাচ্ছে। আগে খাদের কিনারায় ছিল, এখন গভীরে যাচ্ছে।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি আন্দোলনের মাঠে আছে। তারা বলেছেন, স্লোগান দেবেন না, সরাসরি অ্যাকশনে যাবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই যে আপনি প্রশ্নটা করলেন। আপনার সহকর্মীরা হাসছে। মানুষ তো হাসে, ঘোড়াও হাসে।’
তিনি বলেন, ‘সরকার তো গত ২৮ অক্টোবরই পড়ে যায় ইলেকশন করতে পারবে না। ইলেকশন করলে সরকার গঠন করতে পারবে না, সরকার গঠন করলে সরকার টিকবে না। প্রথম বলা হয়েছিল পাঁচ দিনও টিকবে না, পরে বলা হয়েছিল ১৫ দিনও টিকবে না। নির্বাচন হয়েছিল ৭ জানুয়ারি আজকে ১২ ফেব্রুয়ারি।’
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘রাজনীতিতে ভুল করেছে বিএনপি। তারা এখন নিষ্ক্রিয়। বিএনপি এখনো একটা বড় দল। রাজনীতিতে তারা ভুল করেছে, ভুলের চোরাবালিতে তারা আটকে আছে। রাজনীতিতে তাদের ভুলের মাশুল দিতে হচ্ছে। দল হিসেবে আমি তাদের অবমূল্যায়ন করিনি। এটা করা উচিতও নয়।’
বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে তাদের ১৩ নেতাকর্মী জেলখানায় মৃত্যুবরণ করেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘১৩ জনের তালিকাটা প্রকাশ করুক। তাদের ১৩ জন মারা গেল তা আমার জানা নেই।’
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড ফোর্সের সদস্যরা ফিরে যাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রক্রিয়া শেষ হলেই তাদের ফিরিয়ে নেওয়া হবে। আলাপ-আলোচনা চলছে। ফিরিয়ে নেওয়া হবে তাতে কোনো দ্বিমত নেই। এ ব্যাপারে কোনো প্রকার লবিং করার দরকার নেই।’
















