বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে দুর্বৃত্তের আগুন
- আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই খায়রুল কবিরের বাসা। আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না।
এদিকে অগ্নিকাণ্ডের পেছনে জেলা ছাত্র সংগঠনের পদচ্যুত নেতাদের হাত থাকতে পারে বলে সূত্র জানিয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিকেল সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে। তারা প্রবেশের পর সব কক্ষের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। পরে সব কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কয়েকদিন আগে বিতাড়িতদের মিছিলে দুইজন নিহত হওয়ার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।












