বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে করি না: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো চাপের কাছে নতি স্বীকার করে না এবং করবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিদেশি চাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত মনে করি না। বেগম খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ বিষয়।
বুধবার (১৪ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যতটা না তারা চিন্তিত তার চেয়ে বেশি রাজনীতি চর্চা করেছেন। বেগম খালেদা জিয়ার বিচার যখন চলছিল, তখন অযথা অনুপস্থিত থেকে বিচার বিলম্বিত করতে চেয়েছিলেন। চাপ সৃষ্টি করতে পারে এমন কোনো আইনি লড়াই ও আন্দোলন করতে পারিনি।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে ওবায়দুল কাদের বলেন, ৬ জানুয়ারি সেখানে গণতন্ত্রের নামে কী হলো? ৬ টি প্রাণ গেল। নির্বাচনে পরাজয় এখনো মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, সবাই গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু বাস্তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া কঠিন। কিছু না কিছু ত্রুটি আছে। আমি বলছি না যে আমাদের গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিহীন। ত্রুটিমুক্ত করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা হয়েছে।
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা কতটা জনপ্রিয় তা প্রমাণ করতে নির্বাচনে আসতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বেগম জিয়াকে জেলে রেখেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে- বিএনপির দুটি অভিযোগই মিথ্যা।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নিজেই ব্যর্থ।সবার আগে বিএনপি নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা দরকার। তারা দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। বিএসপির মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, দেশে গণতন্ত্র আনা হবে কী করে।
জামায়াতে ইসলামী সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। চূড়ান্ত রায় আসেনি। সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি রয়েছে। দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।























