বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বেড়ে ২৪, উচ্চশিক্ষায় নতুন সুযোগ
- আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৬ বার পঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির সংখ্যা দ্বিগুণ করে ১২ থেকে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে আগামী দিনে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন।
শনিবার (১১ জুলাই) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্প্রতি কায়রোতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে শিক্ষা, গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতেই নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন।
আলোচনার সময় আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, শিক্ষাগত সাফল্য এবং ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের দীর্ঘদিনের সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক আহমাদ আত-তাইয়্যেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নাহলা সাইদির মাধ্যমে এই শুভেচ্ছা ও ধন্যবাদবার্তা গ্র্যান্ড ইমামের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান।
এ সময় নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন নীতিমালা, চলমান কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের শিক্ষা-সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি কর্মসূচি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।






















