নির্বাচনের দিনসহ বিএনপির ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা
- আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এছাড়া শুক্রবার সারাদেশে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হবে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পর গত ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ পালন করেছে বিএনপি। এছাড়া, ২০ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার এবং সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।






















