নিরপেক্ষতা প্রমাণে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম স্বতন্ত্র প্রার্থীর
- আপডেট সময় : ০৯:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৪২২ বার পঠিত

শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে তাদের নিরপেক্ষতা প্রমাণের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। হত্যাসহ একাধিক মামলার আসামীরা নড়িয়া-সখিপুরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণাসহ ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে এ আল্টিমেটাম দেন তিনি।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও শরীয়তপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত নির্বাচনী ইশতেহারে পূর্ণ সমর্থন জানান।
ইশতেহার ঘোষণাকালে শওকত আলী বলেন, আমাদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামিরা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানে অপরাধীরা কোথায় আছে। প্রতি মুহূর্তে এসকল অপরাধীরা যারা শুধু আজকের মামলার আসামি নয়, তারা আগেরও হত্যা মামলার আসামি। আমি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, যদি প্রশাসন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এসকল সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।
এসময় তিনি বলেন, নৌকা প্রার্থীর লোকজন হয়রানি করতে আমাদের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তারা যে মামলাগুলো করেছে তাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজনকে আসামি করা হয়েছে। কিন্তু যেসব ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেসময় আমাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন না। আমাদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমাদের দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী নড়িয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বলেন, নড়িয়া-সখিপুরে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার দেখা গেছে তা আমার নির্বাচনী এলাকায় গত পাঁচ বছরে পরিপূর্ণভাবে দেখা যায়নি। বিগত ৫ বছরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দৃশ্যমান অবমনন ঘটেছে। মতামতের ভিন্নতা থাকায় নিজ দলের অনেককে বিনা কারণে জেল হাজতে যেতে হয়েছে। আমরা তার পরিবর্তন চাই। কারো মতামতের ভিন্নতার কারণে আমি রাজনৈতিক ফায়দা হাসিল করতে কখনও কাউকে হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে হওয়ার জন্য আমরা কাজ করে যাবো। প্রতিটি নির্বাচন সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করার জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা নড়িয়া-সখিপুরে বাস্তবায়ন করবো। এছাড়াও দুর্নীতিমুক্ত নড়িয়া-সখীপুর গড়তে আমরা কাজ করে যাবো। এবারের নির্বাচন ভালবাসা নির্বাচন, এই নির্বাচনে আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে প্রয়াত ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, নড়িয়া উপজেলার সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম তোতা রাড়ি ও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















