ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৭৬। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ৯৭ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ২১১ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুইজন ও ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৯ হাজার ৬২ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪৩২ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৯২ জন ঢাকার বাসিন্দা এবং ৩৪০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৭ হাজার ৩৩ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

























