ডেঙ্গু থেকে বাঁচতে পানি জমতে দেবেন না: ডিএসসিসি প্রশাসক
- আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩২ বার পঠিত

ঢাকার দক্ষিণাঞ্চলের ৬০ শতাংশ বাসাবাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গু বহনকারী এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা রয়েছে। তাই বাসার ছাদ, উঠান, ফুলের টবসহ যেকোনো স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হবে।’ আব্দুস সালাম বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন। খেলার মাঠসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়েও তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।’ এলাকার পরিবেশ ও নাগরিক জীবনমান উন্নয়নে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ভোটে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।’




















