জমি সংক্রান্ত জেরে কলেজ শিক্ষক খুন, আপন ভাই-ভাতিজাসহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৮:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২১২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যে ঘাতক আপন দুই ভাই ও দুই ভাতিজাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।
সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার বলেন, গত ২৮ জানুয়ারি বিকালে গাজীপুরে নিজ জমির আগাছা পরিস্কার ও ধান ক্ষেতের আইল পরিস্কার করার সময় কলেজ শিক্ষক মামুনকে কাঠের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে আপন দুই ভাই ও দুই ভাতিজা। সাইদ আল মামুন (৫০) কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। হত্যার পর নিহতের বাড়িতে প্রবেশ করে বাড়ী-ঘর ভাংচুর করে হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায় তারা। এঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী, ছোট ভাই মুজিবুর, মুজিবুরের ছেলে মো. সুমন ও সিজানকে আসামী করে কালিয়াকৈর থানায় মামলা নং ২৩/২৩, তারিখ ২৯-০১-২৪ দায়ের করেন।
এ ঘটনাটি মিডিয়াতে ব্যাপক প্রচার করা হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে র্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৪নং আসামী মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেফতার করে। মামলার অন্য তিনজন আসামী মো. মুজিবুর (৫০) ও তার ছেলে সিজান (২০) ও সুজন (২৮) ৩৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
প্রাথমিকভাবে র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আসামী ও ভিকটিমের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জেরেই গত রোববার বিকেলে আসামীগন তাদের চাষকৃত ধানী জমিতে আগাছা পরিস্কার করতে যায়। পরে রেজা সাইদ আল মামুনও তার চাষকৃত ধানী জমিতে যায়। সেখানে মোহাম্মদ আলীর হুকুমে পূর্ব পরিকল্পনা মতে রেজা সাইদ আল মামুনকে কাঠের লাঠি, দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হলে আসামীগণ ঘটনাস্থল ত্যাগ করে। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।















