উদ্ধার করতে এসে উদ্ধারকারী ট্রেনই লাইনচ্যুত
- আপডেট সময় : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭১ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
যে ট্রেন এসেছিল লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনকে উদ্ধার করতে, শেষ পর্যন্ত সেই উদ্ধারকারী ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়েছে! লাউয়াছড়ার দুর্গম বনাঞ্চলে একের পর এক এমন ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগে দেখা দিয়েছে চরম অচলাবস্থা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগি সংযোগকারী হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু যাত্রীবাহী ট্রেন উদ্ধারের কাজ শুরু করার আগেই উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে বাড়তি সময়ের প্রয়োজন দেখা দেয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাউয়াছড়ার বনের ভেতরের আঁকাবাঁকা ও পাহাড়ি রেলপথে পাহাড়িকা এক্সপ্রেসের বগি সংযোগকারী হুক ছিঁড়ে যাওয়ার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি আন্তঃনগর ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ের কারিগরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। একদিকে যাত্রীবাহী ট্রেন, অন্যদিকে সেটি উদ্ধারে আসা ট্রেন, পরপর দুই ঘটনায় লাউয়াছড়ার রেলপথে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জটিলতা।
রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।










