আবারো সারাদেশে ২ দিনের অবরোধ ডাকলো বিএনপি
- আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৪৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচনকালীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আরও ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া ২৮ তারিখ থেকে কর্মসূচি চলাকালে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার পর সারাদেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে। এর কঠোর সমালোচনা করেছেন রিজভী। সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী ও জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। কর্মসূচী চলাকালে নিহত-আহত ও কারারুদ্ধ নেতাকর্মীদের জন্য তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।
























