বন্দুক দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো
- আপডেট সময় : ০৪:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পঠিত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই সিদ্ধান্ত বা ভাবনা থেকে রোনালদো সরে আসেন পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও হোর্হে জেসুসের সঙ্গে আলোচনার পর। নেশন্স লিগের আগে পর্তুগাল ফুটবল সামিটের মূল মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
মঞ্চে দাঁড়িয়ে সমালোচকদের সমালোচনার জবাব দিতে গিয়ে সংবাদমাধ্যমের সমালোচনাও করেন। অনেক সংবাদমাধ্যম তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে সেটি কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পর্তুগীজ ফেডারেশন ও কোচের চাওয়ায় অবসর নেননি তিনি। এ নিয়ে রোনালদো বলেন, ‘তারা আমাকে চায়। আমিও এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে সাহায্য করার সামর্থ্য আমার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা।’
তিনি আরও বলেন, ‘কোচ যদি আমাকে না চান, তাহলে আজই চলে যেতে পারি, কোনো সমস্যা নেই। যখন মনে হবে এখানে আমার আর কিছু করার নেই, মাঠে আমি কোনো অবদান রাখতে পারছি না, গোল করতে পারছি না, পরিবেশ খারাপ করে দিচ্ছি, কিংবা তারা আমাকে এখানে চায় না। তখন আমিই সবার আগে ব্যাগ গুছিয়ে চলে যাবো।’ অবসর নিয়েও সরাসরি প্রশ্ন করা হলে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি রোনালদো। তিনি বলেন, ‘ত্রিশের শেষভাগে এসে আমি একটি বিষয় শিখেছি — বর্তমানকে উপভোগ করতে হয়, আগামীকাল নিয়ে ভাবা যাবে না।’
সমালোচনা ও সমালোচকদের একহাত দিয়েছেন তিনি। দাবি করেন, গেল কয়েক বছর ধরেই বিভিন্ন সংবাদমাধ্যম তাকে ‘শেষ করে দেওয়ার’ চেষ্টা করছে। হেসে তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই সেটা সম্ভব নয়, এমনকি শটগান দিয়েও নয়। তারপরও আমি গুলি এড়িয়ে যেতে পারি।’
হাজার গোলের মাইলফলক থেকে রোনালদো এখন ২১ গোল দূরে। ক্যারিয়ারের শেষপ্রান্ত হয়তো আগের চেয়ে কিছুটা কাছে এসেছে। কিন্তু আপাতত তিনি ঠিক সেখানেই আছেন। যেখানে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করেন পর্তুগালের জার্সিতে, ক্যামেরার সামনে এবং মুখে হাসি নিয়ে সমালোচনার ‘গুলি’ এড়িয়ে।


















