আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত
- আপডেট সময় : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৪ বার পঠিত

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে অপেক্ষায় থাকা সমর্থকদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটিতে স্বাভাবিকভাবেই নজরের কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। তবে দুই দলের আরও কয়েকজন তরুণ ও প্রতিভাবান ফুটবলারও আলোচনায় থাকতে পারেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই অভিযানে দলের প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসি। গোল করা, সুযোগ তৈরি করা এবং কঠিন মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি দলকে শিরোপার পথে এগিয়ে নিয়েছিলেন। তবে এখন তার বয়স ৩৮ বছর এবং তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। তাই অনেকের মনে প্রশ্ন—চার বছর আগের মতো এবারও কি তিনি একই প্রভাব রাখতে পারবেন?
মেসির পাশে আক্রমণভাগে এবার আরও পরিণত রূপে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। কাতার বিশ্বকাপে নিজের সামর্থ্যের আভাস দেওয়া এই ফরোয়ার্ড এখন অনেক বেশি অভিজ্ঞ। এছাড়া আর্জেন্টিনার দলে এমন কয়েকজন উদীয়মান ফুটবলারও আছেন, যারা বড় মঞ্চে নিজেদের মেলে ধরার অপেক্ষায়। তাদের মধ্যে নিকো পাজ ও থিয়াগো আলমাদা অন্যতম।
কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল গড়ে তুলেছেন, যারা মেসিকে নিয়ে এবং মেসিকে ছাড়াও কার্যকর ফুটবল খেলতে সক্ষম। তবে টুর্নামেন্টে বড় সাফল্য পেতে হলে মেসির কাছ থেকে আবারও বিশেষ কিছু মুহূর্ত বের করে আনতে হবে বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই আলজেরিয়ার প্রধান লক্ষ্য হবে আর্জেন্টাইন অধিনায়কের প্রভাব যতটা সম্ভব কমিয়ে রাখা।
অন্যদিকে আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে রিয়াদ মাহরেজ। আগের মতো নিয়মিত আলোচনায় না থাকলেও তার অভিজ্ঞতা ও দক্ষতা এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাব ফুটবলে আল আহলির হয়ে এবং জাতীয় দলের জার্সিতে বাছাইপর্বে তিনি নিজের কার্যকারিতা দেখিয়েছেন।
মাহরেজের পাশাপাশি নজর থাকবে ২০ বছর বয়সী তরুণ প্রতিভা ইব্রাহিম মাজারের ওপর। ড্রিবলিং দক্ষতা ও আক্রমণভাগে সৃজনশীলতার জন্য ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। কোচ ভ্লাদিমির পেতকোভিচ চাইবেন, তরুণ এই ফুটবলার যেন নিজের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন।
গোলরক্ষকের ভূমিকায়ও আলজেরিয়ার রয়েছে পরিচিত একটি নাম। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বর্তমানে দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এছাড়া রক্ষণভাগে র্যামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরির মতো অভিজ্ঞ ফুটবলার থাকায় বল দখলভিত্তিক ফুটবল খেলতে আত্মবিশ্বাসী থাকবে আলজেরিয়া। ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াই যে সহজ হবে না, সেটি বলাই যায়।




















