ডামি সরকারের ডামি মন্ত্রী হয়ে কাদের সত্য কথা বলতে ভুলে গেছেন:রিজভী
- আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি একসময় ছাত্রনেতা ছিলেন। কিন্তু ডামি সরকারের ডামি মন্ত্রী হয়ে তিনি সত্য কথা বলতে ভুলে গেছেন। তিনি ভুলে গেছেন যে তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তারা এক ধরনের দস্যু মানসিকতা নিয়ে ক্ষমতা দখল করে আছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কথাবার্তা যেভাবে বলেন, তাতে মনে হয় উনি বিএনপির বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বিএনপির অনেক গোপন কথা উনি জেনে যাচ্ছেন। এগুলো আসলে জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা।
মার্কিন প্রতিনিধি দলের কাছে বিএনপি নালিশ করেছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে তারা কী করেছেন? শুধু দেশে না বিদেশে গিয়ে, এমনকি পার্শ্ববর্তী দেশে গিয়ে সরকারের বিরুদ্ধে খুব জোরাল কণ্ঠে কথা বলেছেন। আর কিসের নালিশ! উনি (ওবায়দুল কাদের) কি শুনেছেন, কী কথাবার্তা হয়েছে? উনি কি জানেন? আমরা তো জানি না।
তিনি বলেন, কোনো বিদেশি রাষ্ট্র বা বিদেশি কর্মকর্তা, বিশেষ করে গণতান্ত্রিক দেশের কর্মকর্তারা আসলে সরকারি দল, বিরোধী দলসহ সবার সঙ্গেই বসেন। এটি তো একটা রেওয়াজ, দীর্ঘদিনের ঐতিহ্য। তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। সে কারণে বিএনপি নেতারা সাক্ষাৎ করতে গেছেন। কিন্তু কী আলোচনা হয়েছে, কী কথা হয়েছে- আমরা তো কেউ জানি না। আমাদের নেতারা যারা গেছেন, তারা তো কিছু বলেননি। তাহলে উনি জানলেন কী করে? তাহলে উনি কি কোনো গোপন ডিভাইস কোথাও রেখেছিলেন?
















