দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে জনগণ, অর্থ-বিত্তের পুকুরে সাঁতরাচ্ছে সরকারের লোকজন:রিজভী
- আপডেট সময় : ০২:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৪৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক সময়ই ইশারা ইঙ্গিতের মাধ্যমে আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে বলেছেন, নিত্যপণ্যের বাজার সরাসরি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ আর সরকারের লোকজন অর্থের পুকুরে সাঁতার কাটছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রমজানকে সামনে রেখে সরকারের সিন্ডিকেট এখন থেকে জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠেছে। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি, উল্টো রমজানসংশ্লিষ্ট কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শুল্ক কমানোর পর ওই চারটি পণ্যের দাম কেজিতে ৪০ টাকা কমার কথা থাকলেও কমার পরিবর্তে এই চারটি পণ্যের দাম বেড়েছে কেজিতে ১০/২০ টাকা। পাইকারি পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩৪ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩২ টাকা। এখন খুচরা বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজিতে এবং প্যাকেটজাত চিনি ১৪৮ টাকায়। এখনো সেই দরে চিনি কিনতে হচ্ছে।
তিনি বলেন, ‘গ্যাস নেই, রাস্তায় যানজট, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং, দুর্গন্ধযুক্ত ওয়াসার পানি, বাজারে আগুন। আওয়ামী সিন্ডিকেট চাঁদাবাজি ও ছিনতাই করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ছাত্রলীগ গড়ে তুলেছে নারীর শ্লীলতাহানিসহ সন্ত্রাস আর নৈরাজ্যের অভয়ারণ্য। বিশ্ববিদ্যালয়গুলো এখন রক্তাক্ত এবং নারীদের জন্য বিপজ্জনক স্থান। সরকারী দলের প্রশ্রয়ে শহর, নগর, বন্দরে দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাংয়ের ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, হামলা ও খুনাখুনিতে মানুষ আতঙ্কিত। সব মিলিয়ে কেবল এই রাজধানী ঢাকা নয়, পুরো দেশটাকেই যাতনাময় বিষাদলোকে পরিণত করেছে সরকার।’
রিজভী বলেন, আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন বন্দুক নির্ভর দলে পরিণত হয়েছে। এ দলের সর্বস্তরের নেতাদের কথাবার্তা ও আচরণে জনগণের প্রতি অসম্মান ও অবহেলা ফুটে উঠেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের বলার আর করার কিছু নেই। তিনি আওয়ামী লীগের জড় পদার্থে পরিণত হয়েছেন। যেভাবে চালানো হয় তিনি সেভাবেই চলেন। তিনি দখলদার মাফিয়া টিমের মুখপাত্র।’























