শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
- আপডেট সময় : ০৮:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩২)। তিনি শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
নিহতের ভাই জানায়, বিকেল ৪টার দিকে মাথাব্যথা সমস্যায় রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর তার প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনি শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান স্বজনরা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন। আসলে কী হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।














