নরসিংদীতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৭ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৪ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গেল ২৬ জানুয়ারি রাত ৩টার দিকে শিবপুর উপজেলার যশোর বাজার ইউনিয়নের দেবালেরটেক এলাকার মেজবাহউদ্দিন মেজুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ১০-১২ জনের একদল ডাকাত বারান্দার গ্রিল কেটে ৭ ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর মেজবাহ উদ্দিনের স্ত্রীকে ছুরি ও পাইপ গান দিয়ে জিম্মি করে আলমারির তালা ভেঙ্গে নগদ ১৯ লক্ষ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার যাহার মূল্য ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে যায়।
ডাকাতের খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ও ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন। এই ঘটনায় গৃহকর্তা মেজবাহ উদ্দিন বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মামলাটি ডিবি পুলিশকে দায়িত্ব দেন। নরসিংদী ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে ঘটনার ৮ দিনের মাথায় ৪ ফেব্রুয়ারি নরসিংদী জেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ডাকাতদের দেয়া তথ্যমতে পলাশ উপজেলার ভাটপাড়া দিঘির পার এলাকার স্বর্ণ ব্যবসায়ী শিপন চন্দ্র সূত্রধরের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হল রায়পুরা উপজেলার বটতলী খামারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শেখ ফরিদ (৩৫), একই উপজেলার দড়ি বালুয়াকান্দি এলাকার চানমিয়ার ছেলে মুক্তার হোসেন (৪৪), চর আড়ালিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে আলামিন (২৯), শিবপুর উপজেলার নৌকাঘাটা এলাকার রাজু মিয়ার ছেলে আবুল কাশেম (৪২), নরসিংদী সদর উপজেলার চম্পক নগর এলাকার রহিম মিয়ার ছেলে নুরুল ইসলাম(২৯), বকশালীপুর এলাকার আয়নাল মিয়ার ছেলে রাজিব (২২)।
অভিযান কালে ডাকাতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ১৭ দশমিক ৫২ গ্রাম গলিত স্বর্ণ, একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরি (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার আরেফিন সিদ্দিকী (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল এ খুদা, শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ও নরসিংদী ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারসহ নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।



















