অযৌক্তিক কারণে মিটার ভাড়া দ্বিগুণ করেছে সরকার : রিজভী
- আপডেট সময় : ০২:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্যাসের মিটার ভাড়া দ্বিগুণ করার কঠোর সমালোচনা করে বলেছেন, জনগণের ভোটে গেলে (ক্ষমতায়) গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করতো সরকার। অযৌক্তিক কারণে মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনী সার্কাসের শাস্তি হিসেবে জনগণের গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলন দমন করা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ মেটাতে সরকার রাষ্ট্রীয় কোষাগার খালি করছে। রাষ্ট্রীয় শক্তি নিয়ন্ত্রণে নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে সরকার।
রিজভী আরও বলেন, মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের পুরস্কার দেওয়া যেতে পারে। কত হাজার কোটি আত্মসাতের পর দুনীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। তার বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে অভিযোগ করে রিজভী এর প্রতিবাদ জানান। তিনি বলেন, কালো পতাকা মিছিল থেকে সারাদেশে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪৫৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
















