ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি
- আপডেট সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করা বিএনপি রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে খালেদা জিয়ার মুক্তিসহ বর্তমান সংসদ এক দফা বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ. লীগ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে বেলা ২টায় কালো পতাকা মিছিল করা হবে।
তিনি বলেন, মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।
মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন বলেও জানান তিনি।
অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তারা শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুই দলের নেতাকর্মীরা নিজ নিজ স্থানে জড়ো হতে শুরু করেছেন।


























