বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগের অন্যতম এজেন্ডা:রিজভী
- আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপিসহ গণতন্ত্রকামী বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগের অন্যতম এজেন্ডা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদকে সোমবার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী গণমাধ্যমকে এ বক্তব্য দেন।
বিবৃতিতে রিজভী বলেন, ‘বিএনপি নেতা ডা. হারুনুর রশীদকে কুপিয়ে হত্যা দেশজুড়ে পৈশাচিকতার আরেকটি বর্বর দৃষ্টান্ত। আওয়ামী লীগ যে মানবিকবোধশূন্য রাজনৈতিক দল তার বহিঃপ্রকাশ ঘটলো হারুনুর রশীদকে পৈশাচিক কায়দায় হত্যার মাধ্যমে। হত্যা, গুমের সংস্কৃতি তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। দেশে রক্তাক্ত জনপদ ছাড়া জনগণকে তারা আর কিছুই দিতে পারেনি।’
তিনি বলেন, ‘এভাবে হত্যা-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। প্রতিটি বর্বরতা ও হত্যাকাণ্ডের জবাব জনগণ একদিন কড়ায় গণ্ডায় আদায় করে নেবে।’
বিবৃতিতে রিজভী অবিলম্বে ডা. হারুনুর রশীদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।























