বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই:জিএম কাদের
- আপডেট সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটি আনন্দের বিষয়।
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।
দলীয় কার্যালয়ে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ উল্লেখ করে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, সব সময় সব একরকম থাকে না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু ক্ষেত্রে এটি সঠিক হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং তাদের বুথ দখল করা হয়েছে। সিলগালা, ফাঁকা ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এ নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।


























