ট্র্রেনে আগুনের ঘটনা নাশকতামূলক কাজ ও মানবতার পরিপন্থি:রিজভী
- আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্র্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থি এক হিংস্র নিষ্ঠুরতা। আমি এ ঘটনার ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।’
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নরকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দগ্ধ হয়ে হতাহতের ঘটনা সেই পুরোনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ায় এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্বপরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক।’
রিজভী বলেন, ‘পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে। আজ দুষ্কৃতকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করলো তাতে দেশ ও জাতিকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এ ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।’
বিএনপির এ যুগ্ম মহাসচিব আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের কাপুরুষোচিত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।






















