চ্যাট ডেটা ব্যাকআপের নতুন আপডেট আনলো হোয়াটসঅ্যাপ
- আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৪৪৪ বার পঠিত

তথ্য ডেস্ক :
এ বছর হোয়াটসঅ্যাপ চ্যাট ডেটা ব্যাকআপের ক্ষেত্রে নতুন আপডেট নিয়ে এসেছে। এখন থেকে গুগল ড্রাইভের স্টোরেজে হোয়াটস অ্যাপ ব্যাকআপ যুক্ত হবে। দ্য ভার্জ জানিয়েছে যে নতুন বছরে মেটা অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের শর্তাবলী আপডেট করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মেটা।
ভার্জের রিপোর্ট অনুযায়ী, বেটা ভার্সনে এই নতুন পরিবর্তন যোগ করা হয়েছে। চ্যাট হিস্ট্রি, ফটো এবং এমনকি ভিডিও ব্যাকআপ এখন গুগল ড্রাইভে যোগ করা হবে। গুগল ড্রাইভের বিনামূল্যে বা অর্থপ্রদানের সংস্করণ যাই হোক না কেন, এখন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ স্টোরেজ দখল করবে। তবে এখন আর কোনো তাড়া নেই। নতুন পরিবর্তনগুলি ২০২৪ সালের প্রথমার্ধে মূল অ্যাপে আসবে। ব্যবহারকারীদের অন্তত ৩০ দিন আগে নতুন পরিবর্তনগুলি সম্পর্কে অবহিত করা হবে।
কিন্তু কেউ যদি গুগল ড্রাইভ স্টোরেজ খরচ করতে না চান তবে ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে গিয়ে এটি ব্যানার আকারে পাবেন। সেখানে হোয়াটস অ্যাপের বিল্ট ইন চ্যাট ট্রান্সফার টুল ব্যবহার করতে পারবেন। এক ফোন থেকে অন্য ফোনে আপনার চ্যাট নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে দুই ডিভাইসকে একই ওয়াইফাইয়ে সংযুক্ত থাকতে হবে। আবার গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে চাইলে অ্যাপে শুধু চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ রয়েছে। ছবি বা ভিডিও ব্যাকআপ না হলে আখেরে ব্যবহারকারীদেরই বাড়তি সুবিধা।


















