টঙ্গীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি, থানায় জিডি
- আপডেট সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন সমর্থক ও নৌকা প্রতিকের সমর্থকদের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা আড়াইটা দিকে হাজী মাজার বন্তি এলাকায় এঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চার সমর্থক আহত হয়। টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি করেছেন উভয়পক্ষ। এঘটনায় শুক্রবার রাতে টঙ্গী বাজার এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ৫৭ নম্বর ওয়ার্ডে ট্রাক প্রতীকের নির্বাচন কমিটির আহবায়ক শেখ মো. নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির প্যানেল মেয়র রাখী সরকার, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন বেপারী, স্থানীয় যুবলীগ নেতা টুটুল সরকার, জয় সরকার প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাজী মাজার বস্তিতে নির্বাচনী প্রচারণার লিফলেট বিলি করছিলেন। এসময় আমিনুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন, খোকন, রুবেল, মনির হোসেন, ইমান আলী, মোমিন ও রবিউল ইসলাম বাবু ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বোরহান উদ্দিন ও নুরে আলমের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় বোরহান উদ্দিন ও নুরে আলম গুরতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে নুরে আলমের ডান হাত ভেঙ্গে যায়।
আহত বোরহান উদ্দিন বলেন, আমরা ট্রাকের লিফলেট বিলি করাকালে আমিনুল ইসলাম স্বপন, ইসমাইলসহ আরও অনেকে আমাকে ও নুরে আলমকে মারধর করেছে। এঘটনায় থানায় জিডি করা হয়েছে।
ট্রাক প্রতীকের সমর্থক মনোয়ারা বেগম বলেন, লিফলেট বিলি করার সময় নৌকার লোকজন আমাকে ট্রাকের প্রচারণা করতে না করেন। নৌকার প্রচাররণা করলে ১ হাজার টাকা করে দেওয়া হবে। না হয় প্রচারণা করতে দেওয়া হবেনা।
একই ঘটনায় নৌকা সমর্থক আমিনুল ইসলাম স্বপন বলেন, নির্বচানী পোস্টার লাগানো নিয়ে তর্ক বির্তকের এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় আমিসহ দুই জন আহত হয়েছি। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
টঙ্গী পশিচম থানা ওসি মে. সাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় থানায় দুইটি জিডি নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

















