আরো দুই দিনের গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি
- আপডেট সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে এক দফা নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। রোববার (৩১ ডিসেম্বর) ও পরের দিন সোমবার আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, একদল সরকারের পদত্যাগের আন্দোলন এখন বেগবান হচ্ছে। প্রতিটি মানুষ আমাদের কর্মসূচিকে সমর্থন করছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। দেশে গভীর ও ভয়ানক ষড়যন্ত্র চলছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দলটি সময়ে সময়ে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে। কিন্তু ২০ ডিসেম্বর নির্বাচন বর্জনসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। এরপর একদিনের অবরোধ করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।



















