প্রতিকূল পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে:কাদের
- আপডেট সময় : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকটের প্রভাব থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। বড় বড় দেশের কারণে শাস্তি পাচ্ছি। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এ নির্বাচন করতে হচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা বিভিন্ন কারণে বিশ্ব রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। গাজায় চলমান যুদ্ধ, ইসরায়েলের চলমান হামলা, সুদান আবারও বিভক্তির দ্বারপ্রান্তে। দুই জেনারেলের লড়াই একটি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ফেলেছে। এ অবস্থায় আমরা সংকটে আছি। বড় দেশগুলোর কারণে শাস্তি পাচ্ছি।
তিনি আরও বলেন, বাজারের জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি তা নিয়ে মানুষের দুঃখ কষ্টের আবহের সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না। দাম অনেক বেড়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। এসব সংকট আজ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে। এটা সাংবিধানিক বাদ্ধবাধকতা।
ওবায়দুল কাদের বলেন, কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করে পরে করতে তাহলে আমরা বলবো, আমাদের সংবিধান আছে। সংবিধান আমাদের নির্বাচন দিয়েই রক্ষা করতে হবে। এটা আমাদের সংবিধানের বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এ নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা পাশাপাশি আমাদের অপজিশন, বিএনপি শুধু বয়কট করেনি, পন্ড করতে চায়, বানচাল করতে চায়। মিছিল বিক্ষোভ, সমাবেশ করে নয়, সন্ত্রাস সহিংসতার মাধ্যমে বানচাল করতে চায়। এটা ভয়াবহ রূপ নিয়েছে। ৩০০ এর মতো বাসে আগুন, পুলিশ হত্যা, আনসার হত্যা করেছে।
তিনি বলেন, বিএনপি তদারকি ব্যবস্থাকে ধ্বংস করেছে, হত্যা করেছে, আমরা এই ব্যবস্থা চাই না। আমরা এই ব্যবস্থা বাতিল করিনি। বিচার বিভাগ কর্তৃক বাতিল। তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত, পুনরুজ্জীবিত করার দরকার নেই। পাকিস্তান গণতন্ত্রের জন্য একটি ভাল উদাহরণ নয়, তারা তাদের ইচ্ছা মত পরিবর্তন করে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করেছেন। গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন তার বাবা জিয়াউর। যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে তারা এদেশে গণতন্ত্রের বিকাশ রোধ করবে এটাই স্বাভাবিক।
















