পলাতক দল আবারও অসহযোগ শুরু করেছে:কাদের
- আপডেট সময় : ০২:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আন্দোলনের মাঠ থেকে পলাতক দল আবারও অসহযোগ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। তার প্রমাণ হচ্ছে হাটবাজার সব খোলা।’
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিএনপি আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন বলছে এবং অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি একটি ডামি দল। বাংলাদেশে প্রথম কিংস পার্টির নাম বিএনপি। তারাই তো ডামি দল। ভুঁইফোর, প্যাড সর্বস্ব, দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি বানিয়েছে। জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচনবিরোধী দল।
বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসহযোগ আন্দোলনের ডাক দেন।
এ সময় তিনি বর্তমান সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিনা সহযোগিতায় সব ধরনের কর, ফি, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ স্থগিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি। এছাড়া আগামী ৭ জানুয়ারির নির্বাচন বয়কটেরও আহ্বান জানিয়েছে দলটি।






















