যুক্তরাষ্ট্রের উচিত নাশকতাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা:কাদের
- আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কোনো যৌক্তিক কারণ দেখছি না। নির্বাচনে নাশকতাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সুতরাং নিষেধাজ্ঞা আরোপের কোন যৌক্তিক কারণ আমরা দেখছি না। বরং যারা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথ বেছে নিয়েছেন তাদের ওপরই নিষেধাজ্ঞা আসার কথা।
তিনি বলেন, মানবাধিকার দিবসের কর্মসূচির নামে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে। তারা যাতে কর্মসূচিতে নাশকতা না করে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ব্যর্থ আন্দোলন করেই বিএনপি ক্ষ্যান্ত হয়নি। এখন তারা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ব্যর্থ। এখন তারা আগুন দিচ্ছে। আগামীকাল মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফ্রন্ট লাইনের চার সংগঠককে কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেকে মানবাধিকারের কথা বললেও ২১ আগস্টের সমাবেশের প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। যারা মানবাধিকারের কথা বলেন তারা এ নিয়ে কথা বলেন না।























