সংবিধান অনুযায়ী তফসিল পেছালে আওয়ামী লীগের আপত্তি নেই:কাদের
- আপডেট সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী সময়সীমার মধ্যে চাইলে তফসিল পেছাতে পারে, আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
২২ নভেম্বর বুধবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে কমনওয়েলথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি নির্বাচনী জোটের সমীকরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে কথা বলেন।
তফসিল পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিত। এসময়ের মধ্যে যেকোনো অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারে।
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বা বিএনপিবিহীন নির্বাচন হলে একটি নিষেধাজ্ঞা আসবে শোনা যাচ্ছে, আপনার কাছে কী তথ্য? এমন কিছু আসবে মনে করেন কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বর্তমানে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আছি। অন্য কিছু মাথায় আসে না। এই মুহূর্তে কারো চিন্তাভাবনা নেতিবাচক দেখছি না। এ ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই। বাইরের কে নিষেধাজ্ঞা দিলো, সেটা নিয়ে আমরা ভাবি না। আমাদের দেশের নির্বাচন, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানের আলোকে আমাদের ইচ্ছায় নির্বাচন হবে। অন্য কারো নির্দেশ বা নিষেধাজ্ঞায় হবে না।
তিনি বলেন, যারা নির্বাচনে বাধা দেবে, নিষেধাজ্ঞা তাদের দেবে। আমাদের কেনো? আমরা তো শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, নির্বাচন পর্যবেক্ষক উপ-কমিটির চেয়ারম্যান জিয়াউদ্দিন, সদস্য সচিব এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রমুখ বৈঠকে অংশ নেন।























