বিএনপির দেয়া শর্ত প্রত্যাহার হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে: কাদের
- আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেওয়া চারটি শর্ত প্রত্যাহার হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে।
রোববার (১৫ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে আগে শর্ত প্রত্যাহার করতে হবে। আর শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই।’
তিনি আরও বলেন, ‘’বিএনপি শর্ত প্রত্যাহার করলে আমরা চিন্তা-ভাবনা করে দেখব। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’
প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের পদত্যাগসহ বিএনপি যেসব দাবি করেছে তা বাস্তবায়ন করা অসম্ভব। প্রধানমন্ত্রী যদি মনে করেন নির্বাচনকালীন সরকার দেওয়া প্রয়োজন, সেটা তার এখতিয়ার বলেও এসময় মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ চার শর্ত দিয়েছে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে এসব শর্ত দেয় দলটি।
















